আ.লীগ নেতার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পুর গ্রামে কোনো মাদ্রাসা ও এতিমখানা নেই। অথচ ওই গ্রামের তিনটি মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের জন্য সরকারি সাধারণ ত্রাণের (জিআর) ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্পগুলোর সভাপতি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম ভুয়া প্রকল্প দেখিয়ে ওই সব চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রায়পুর গ্রামের আটজন বাসিন্দা ১৩ আগস্ট ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম এ নিয়ে প্রতিবেদন না করার অনুরোধ জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাদ দেন। এ নিয়ে লেখালেখি করার দরকার নেই। লেখালেখি হলে সমস্যা হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় জানায়, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিদের খাবারের জন্য গত ২৯ জুন ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সিরাজুল ইসলাম রায়পুর মসজিদ, রায়পুর এতিমখানা ও রায়পুর মাদ্রাসার নামে তিনটি প্রকল্প তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে প্রস্তাব জমা দেন। প্রকল্পগুলোর সভাপতি হিসেবে নিজের নাম লেখেন। এরপর তিনটি প্রকল্পের বিপরীতে দুই মেট্রিক টন করে ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরে তিনি ওই চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রায় দুই লাখ টাকায় বিক্রি করে দেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সম্প্রতি রায়পুর গ্রামে গিয়ে জানা যায়, ওই গ্রামে তিনটি ছোট মসজিদ থাকলেও কোনো এতিমখানা ও মাদ্রাসা নেই। মসজিদ তিনটি পারিবারিকভাবে গড়ে ওঠা। পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের দানে মসজিদগুলো পরিচালিত হয়।
রায়পুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হাফেজ মন্নু মিয়া, মধ্যপাড়া মসজিদের ইমাম মুরাদ হোসেন ও পশ্চিমপাড়া মসজিদের ইমাম মুস্তাফিজুর রহমান বলেন, এ বছর মসজিদের জন্য তাঁরা সরকারি কোনো সহায়তা পাননি।
রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন বলেন, ‘রায়পুর গ্রামে কোনো মাদ্রাসা ও এতিমখানা নেই। মনে হয়, ভুয়া প্রকল্প তৈরি করে ওই সব ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারি সহায়তা এনে আত্মসাৎ করা হয়েছে।’
এ ব্যাপারে মহম্মদপুরের পিআইও লাল্টু মিয়া বলেন, ‘সিরাজুল ইসলাম বরাদ্দ পাওয়া ছয় মেট্রিক টন চাল উত্তোলন করেছেন। যথারীতি কাগজপত্র দাখিল করেছেন। কোনো অনিয়ম হয়েছে কি না জানি না।’
যোগাযোগ করা হলে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান বলেন, ‘বিষয়টি জানি না। খোঁজখবর নিচ্ছি। সিরাজুল ইসলাম যদি ভুয়া প্রকল্প দেখিয়ে চাল আত্মসাৎ করে থাকেন, তাহলে ওই চাল ফেরত দিতে হবে।’