আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী গাজী নামের এক ব্যক্তির ১৪ শতাংশ জায়গা দখল করে নিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমানের বিরুদ্ধে জমি দখলের ওই অভিযোগ উঠেছে। মাসুদুর ওই জায়গায় একটি টিনের ঘর ও একটি বিপণিবিতান নির্মাণ করছেন।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জমির এক পাশে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন দুজন শ্রমিক। এ ছাড়া সামনের অংশে বিপণিবিতান নির্মাণ করছেন আরও পাঁচ-ছয়জন শ্রমিক। পেছনের অংশে একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। এ সময় ছবি তুলতে গেলে আওয়ামী লীগ নেতার কয়েকজন লোক এসে বলেন, ‘ভাই দ্যাখেন, ল্যাখেন। কিন্তু ছবি তুলতে পারবেন না।’
মোহাম্মদ আলী গাজী অভিযোগ করে বলেন, ২৪ সেপ্টেম্বর সকালে মাসুদুর রহমানের নেতৃত্বে দেড়-দুই শ জনের একটি দল প্রথম দফায় একটি ঘর এবং দ্বিতীয় দফায় গত সোমবার আরও একটি ঘর ভেঙে ওই জায়গা দখল করে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ওই জায়গা ও ঘর দুটির মালিক মোহাম্মদ আলী গাজী। মোহাম্মদ আলী গাজীর ছেলে মো. মাহে আলম বলেন, ‘প্রথম ঘরটি ভাঙার সময় বাধা দিয়ে মার খেয়েছি। বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই দ্বিতীয় দফায় আর বাধা দিইনি। ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে চোখের সামনেই আমাদের পৈতৃক জায়গায় নির্মাণ করা দুটি ঘর ভেঙে ১৪ শতাংশ জায়গা দখল করে নিয়েছেন মাসুদুর। আমরা অসহায়, আমাদের বাঁচান।’
জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে মাসুদুর বলেন, তিনি নিজের কেনা ও পৈতৃক সম্পত্তিতে বিপণিবিতান নির্মাণ করছেন।
লিখিত অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করে বাউফল থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।