আ.লীগ নেতার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের আওতায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন বরাকোঠা গ্রামে ২০১৪ সালে তাঁর দাদার নামে আলহাজ বাবুজান সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গাছে, উপজেলার সাতলা ইউনিয়নের মধ্য সাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন রাজিয়া খাতুন ও পাখি আক্তার। ছয়-সাত মাস ধরে আওয়ামী লীগের নেতা মো. জামাল হোসেন ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অনুমোদন না নিয়ে রাজিয়া খাতুন ও পাখি আক্তারকে দিয়ে তাঁর দাদার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পাঠদানে বাধ্য করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, গত ডিসেম্বর মাসে ওই দুই শিক্ষককে যথাস্থানে দায়িত্ব পালনের জন্য বলা হয়। নতুবা হাজিরা খাতায় স্বাক্ষর করতে নিষেধ করা হয়। তারপরও তাঁরা তাঁর নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের নেতা জামাল হোসেনের ভয়ে নেতার স্কুলেই পাঠদান করে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। সোমবার ওই দুই শিক্ষককে পুনরায় তাঁদের কর্মস্থলে গিয়ে পাঠদান করানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এতে জামাল হোসেন ক্ষিপ্ত হন এবং সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর কার্যালয়ে এসে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম জামাল হোসেন গালাগাল ও লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল, পরে আমরা উভয়েই তা মীমাংসা করে এক সঙ্গে চা খেয়েছি।’