আ.লীগ নেতার বিরুদ্ধে দোকানে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে আদমদীঘি উপজেলার সান্তাহারের এক দোকান পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। সান্তাহার পৌর এলাকার মিনি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
সান্তাহার পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম সিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। দোকানটির মালিক সান্তাহার শহরের তিয়রপাড়া এলাকার বাসিন্দা রোস্তম ইসলাম। তিনি অভিযোগ করেন, ভোটে পরাজয়ের পর থেকে আওয়ামী লীগের নেতা আসলাম সিকদার নানাভাবে তাঁকে হুমকি দিয়ে আসছিলেন। আসলাম তাঁর দোকান পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। এ ঘটনা আশপাশের দোকানের মালিকেরা সবাই জানেন। গতকাল দুপুর ১২টার দিকে আসলাম সিকদার নিজে বোতলে করে পেট্রল নিয়ে এসে তাঁর দোকানে আগুন ধরিয়ে দিয়ে চলে যান। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। আগুনে দোকানে থাকা লেপ-তোশকসহ অনেক তুলা পুড়ে যায়। আশপাশের দোকানি ও পথচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে আসলাম সিকদার বলেন, ঘটনার সময় তিনি সান্তাহার শহরে ছিলেন না। দোকানের মালিক রোস্তম ইসলাম জামায়াতের একজন কর্মী। এ কারণে তিনি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, ঘটনাটি তিনি জানেন না। তবে দলের কেউ এই ধরনের ঘটনা ঘটালে দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি খালি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।