আ.লীগ নেতার বিরুদ্ধে পাউবোর জমিতে ঘর নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার তালতলা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার তালতলা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ফরিদপুরের বোয়ালমারীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। বোয়ালমারী পৌরসভার বারাশিয়া নদীর পারে তালতলা বাজার এলাকায় উপজেলার গুণবহা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মহিউদ্দিন শেখ দোকানঘরটি নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকার চারজন বাসিন্দা ও তালতলা বাজারের তিনজন ব্যবসায়ী বলেন, পৌরসভার তালতলা বাজার এলাকায় বারাশিয়া নদীর পারে পাউবোর প্রায় দুই শতাংশ জায়গায় ঘরটি নির্মাণ করা হচ্ছে। গত ১৭ ডিসেম্বর ঘরের কলাম তোলার কাজ শুরু হয়। ৪০ ফুট দীর্ঘ ও ২৬ ফুট প্রস্থের ওই ঘরের দেয়ালের কাজ গত সোমবার শেষ হয়। মঙ্গলবার থেকে টিন ও কাঠ দিয়ে ছাউনি নির্মাণের কাজ চলছে। পাউবো বোয়ালমারীর উপবিভাগীয় প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, ‘মহিউদ্দিন শেখ যে জায়গায় স্থাপনা নির্মাণ করছেন, তা পানি উন্নয়ন বোর্ডের। ঘর নির্মাণের খবর জানার পর আমরা কাজ বন্ধ করতে বলেছি।’
পাউবোর জায়গায় ঘর নির্মাণের কথা স্বীকার করে মহিউদ্দিন শেখ বলেন, ‘পাউবোর জায়গার পাশে আমার জমি রয়েছে। আমার জমির সঙ্গে পাউবোর জমি নিয়ে আমি ঘর নির্মাণ করছি।’ তিনি আরও বলেন, ‘এই জায়গার ইজারা চেয়ে আমি প্রায় এক বছর আগে পাউবোর কাছে আবেদন করেছি। যদিও এখন পর্যন্ত আমাকে ওই জমি ইজারা দেওয়া হয়নি, তারপরও আমি হাল ছেড়ে দিইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি।’