আ.লীগ নেতার বিরুদ্ধে প্রার্থীকে হুমকির অভিযোগ
জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট নেওয়া হবে, এমন আশঙ্কা করছেন সদস্য পদের প্রার্থী শরিফুল ইসলাম।
সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত দিয়েছেন শরিফুল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জহুরুল ইসলাম।
এ ছাড়া অপর তিন প্রার্থী দোগাছী ইউপির শহীদ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পৃথক অভিযোগ দিয়েছেন। কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়ার আবেদন করেন তাঁরা। অভিযোগকারী প্রার্থীরা হলেন আ স ম মোক্তাদির তিতাস, রফিকুল ইসলাম ও মোছা. নাছিমা আক্তার।
শরিফুল ইসলাম তাঁর অভিযোগে বলেন, চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রকাশ্যে তাঁকে হুমকি দিয়ে বলেছেন, অপর সদস্য প্রার্থী হাতেম আলীকে সব ভোট দেওয়া হবে। কোনো ভোটার হাতেম আলীকে ভোট না দিলে পাঁচ বছরও ইউনিয়ন পরিষদে চলাচল করতে পারবেন না। ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জহুরুল ইসলাম বলেন, চার প্রার্থীর মধ্যে শরিফুল ইসলাম শুধু তাঁর কাছে ভোট চেয়েছেন। তিনি তাঁকে বলেছেন, অপর প্রার্থী হাতেম আলীকে তিনি ভোট দেবেন। শরিফুলকে বা কোনো ভোটারকেই ভয়ভীতি বা হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।