আ.লীগ নেতার বিরুদ্ধে বরাদ্দ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি পাঠাগারের টিআর ও কাবিখার বরাদ্দ চাল এবং টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
৬ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান ও স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ২০১৪-১৫ অর্থবছরে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাব কেনার নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (বিশেষ টিআর) আওতায় ৪০ হাজার টাকা ও সাধারণ টিআর হিসেবে আরও ৪০ হাজার টাকা বরাদ্দ নেন। সাইদুর রহমান অভিযোগ করেন, মনিরুজ্জামান ওই ৮০ হাজার টাকায় কোনো আসবাব কেনেননি।
এ ছাড়া তিনি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় ভবানীপুর হাফেজিয়া মাদ্রাসার মাঠ ভরাটের জন্য আট মেট্রিক টন, ভবানীপুর প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের নামে টিআরের চার মেট্রিক টন চাল বরাদ্দ নেন। ২০১২-১৩ অর্থবছরে ভবানীপুর গ্রামের জহুরা একরাম পাঠাগারের নামে টিআরের দুই মেট্রিক টন চাল বরাদ্দ নেন। এসব প্রকল্প বাস্তবায়ন না করে তাঁর বিরুদ্ধে বরাদ্দ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসব অর্থ আত্মসাৎ করেছেন। তিনি সরকারি দলের নেতা। তাঁর বিরুদ্ধে কথা বলার উপায় নেই।
মনিরুজ্জামান ছাড়াও তাঁর ভগ্নিপতি মোসলেম আলী ২০১২-১৩ অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় ভবানীপুর প্রাক্-প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য আট মেট্রিক টন চাল, ২০১৩-১৪ অর্থবছরে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের নামে দুই মেট্রিক টন চাল, ২০১৫-১৬ অর্থবছরে ভবানীপুর প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের নামে সাধারণ টিআর প্রকল্পে ৩০ হাজার টাকা বরাদ্দ নেন। কিন্তু এসব বিদ্যালয়ে উন্নয়নকাজ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমার ও মোসলেম আলীর নামে নেওয়া টিআর-কাবিখার বরাদ্দের সব প্রকল্পের কাজ সম্পন্ন করেছি। কোথাও কোনো অনিয়ম হয়নি। কিছু লোক আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করছেন।’
উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান অভিযোগ করেন, তাঁরা কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন।