আ.লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক কাঠ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই কাঠ ব্যবসায়ী এ অভিযোগ করেন।

মারধরের শিকার হওয়া ব্যবসায়ীর নাম মো. মজিবর রহমান। তাঁর বাড়ি উপজেলার কাচিমৌ গ্রামে।

 মজিবর রহমানের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মজিবর রহমানের ভাগনে রফিকুল ইসলামকে আসামি করে বনকুড়া গ্রামের দুলাল মিয়া ১ ডিসেম্বর আদালতে মামলা করেন। পরে মামলা তুলে নিতে দুলালের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ৪ ডিসেম্বর রফিকুল বাদী হয়ে দুলালসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। ওই মামলার সাক্ষী হন মজিবর রহমান। দুলাল বিষয়টি মীমাংসা করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের কাছে নালিশ করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর রাত আটটায় পৌর শহরে গড়কান্দা এলাকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরুনীর বাড়িতে মজিবরকে ডাকা হয়। এ সময় মজিবরকে মামলা তুলে নিতে বলেন ফজলুল হক। মজিবর অস্বীকৃতি জানালে ফজলুল হক তাঁকে কিলঘুষি মেরে ঘর থেকে বের করে দেন এবং মামলা তুলে না নিলে তাঁকে হত্যা মামলার আসামি করা হবে বলে হুমকি দেন।

এ বিষয়ে আওয়ামী লীগের নেতা ফজলুল হক বলেন, ‘বিষয়টি জানার সমাধান করতে বলেছিলাম। মজিবর বিচার না মেনে উল্টো চাঁদাবাজির মামলা করেছেন। বিষয়টি নিষ্পত্তি করতে তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু তাঁকে কোনো মারধর করা হয় নাই।’