আ.লীগ নেতার বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মারধর করে ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই নেতাকে আটক করেছে। আম বিক্রি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান ওরফে খোকন (৫৫)। তিনি এসবিকে ইউনিয়নের বজরাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আটক হওয়া ব্যক্তির নাম আজিবর রহমান ওরফে মোহন (৫০)। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক। তাঁদের বাড়ি বজরাপুর গ্রামে।
ওই পরিবারের লোকজন বলেন, আজিবর রহমান ঢাকায় থাকেন। তিনি সোমবার বিকেলে বজরাপুরে বাড়িতে আসেন। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাঁদের আমবাগান রয়েছে। আজিবর বাগানের আম বিক্রি করতে চান। আম এখনো বিক্রির উপযোগী হয়নি বলে বড় ভাই মুজিবুর রহমান আপত্তি জানান। এতে আজিবর ক্ষুব্ধ হন। গতকাল সকাল আটটার দিকে তিনি কারও কথা না শুনে লোকজন নিয়ে আম পাড়তে যান। খবর পেয়ে মুজিবুর বাগানে গিয়ে আবারও আম পাড়তে নিষেধ করেন। এতে আজিবর ক্ষিপ্ত হয়ে বাগানের মধ্যে মুজিবুরকে মারধর শুরু করেন।
আম পাড়তে যাওয়া বজরাপুর গ্রামের ব্যবসায়ী শাহজাহান আলী বলেন, ধস্তাধস্তির একপর্যায়ে মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন। মুজিবুরকে তখনো আজিবর এলোপাতাড়ি লাথি মারতে থাকেন। একসময় মুজিবুর পানি খেতে চান। পানি না দিয়ে আজিবর মারধর চালাতে থাকেন। এ সময় বাধা দিতে গেলে আজিবর তাঁদের সঙ্গেও খারাপ আচরণ করেন। মারধরে অচেতন হয়ে পড়লে তাঁরা মুজিবুরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী নয়ন চৌধুরী বলেন, হত্যার ঘটনার পর তাঁরা এসে দেখেন আজিবর রহমান নিজেদের বাড়ির দোতলার ঘরে লুকিয়ে আছেন। বাইরে কয়েক শ মানুষ উত্তেজিত অবস্থায় অপেক্ষা করছে। তাঁকে পেলে পিটিয়ে মেরে ফেলত। এ অবস্থায় তাঁরা প্রশাসনকে খবর দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তাঁরা সকাল নয়টার দিকে বজরাপুরে যান। ভেতর থেকে সব দরজা বন্ধ থাকায় আজিবরের কাছে পৌঁছানো যাচ্ছিল না। দুই ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে দরজা ভেঙে তাঁকে আটক করা হয়। এ সময় তিনি পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
দোতলা থেকে নামিয়ে আনার সময় আজিবর রহমান সাংবাদিকদের বলেন, তিনি তাঁর ভাইকে মারধর করেননি। কীভাবে তিনি মারা গেলেন, তা তিনি জানেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান বলেন, ইতিপূর্বে তিনি তাঁর মাকেও একবার পিটিয়ে গুরুতর আহত করেছিলেন।