আ.লীগ নেতার বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মাছ ধরার কোঁচ দিয়ে আঘাত করে ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ধরখার ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইদ্রিস মিয়া (৬০)। তিনি ধরখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবীন মিয়ার বড় ভাই। তাঁদের বাড়ি চানপুর গ্রামে।
এলাকার লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির উঠানে ডিশ লাইনের সংযোগের তারে কাপড় টানানো নিয়ে নবীন মিয়া ও ইদ্রিস মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে নবীন মিয়া ঘর থেকে কোঁচ নিয়ে এসে ইদ্রিস মিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। চিৎকারে পরিবারের লোকজনসহ এলাকাবাসী উদ্ধার করে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম হাবিবুল্লাহ বাহার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। তাঁর বুকের মাঝখানে কোঁচের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া বলেন, ‘কখনো শুনতে পাচ্ছি নবীন মিয়ার আঘাতে আবার কখনো শুনতে পাচ্ছি নবীন মিয়ার ছেলেদের আঘাতে ইদ্রিস মিয়া নিহত হয়েছেন। ’
এ বিষয়ে কথা বলার জন্য নবীন মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।