আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিহীনদের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের ১০৮ জন ভূমিহীনকে জমি বন্দোবস্ত দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা তুলে এক আওয়ামী লীগ নেতা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই আওয়ামী লীগ নেতার শাস্তির দাবি করেছেন জনপ্রতিনিধিরা।
স্মারকলিপিতে বলা হয়, ওই গ্রামের আওয়ামী লীগ নেতা প্রভাবশালী আলী আকবর ভূঁইয়া মেঘনা নদীর তীরে জেগে ওঠা নতুন বালুচরের খাসজমি স্থায়ী বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের ১০৮ জন ভূমিহীনের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তবে জমির বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা না করায় ভূমিহীনেরা প্রতিবাদ করায় আলী আকবর ভূঁইয়া তাঁদের মামলা-হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ১৯৯৬ সালেও একই কায়দায় ভূমিহীনদের কাছ থেকে ১০ লাখ টাকা তুলে তিনি আত্মসাৎ করেছিলেন।
সোলায়মান মিয়াসহ কয়েকজন ভূমিহীন বলেন, আওয়ামী লীগ নেতা আলী আকবর ভূঁইয়া সরকারি জমি বন্দোবস্ত দেওয়ার কথা বলে ভূমিহীনদের কাছ থেকে ৫ থেকে ৩০ হাজার টাকা করে নিয়েছেন।
আলী আকবর ভূঁইয়া বলেন, ‘আমি ভূমিহীনদের কাছ থেকে এত টাকা নিইনি। যাঁদের কাছ থেকে টাকা নিয়েছি, তাঁদের নামে জমি বন্দোবস্ত করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন বলেন, ‘ভূমিহীনদের টাকা আত্মসাৎ করার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ভূমিমন্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেছি।’
স্থানীয় বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক বলেন, ‘আলী আকবর ভূঁইয়া ভূমিহীনদের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন বলে আমি অভিযোগ পেয়েছি। তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও দলীয়ভাবে কোনো পদে নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।