আ.লীগ নেতার বিরুদ্ধে মানহানির মামলা
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. বদিউজ্জামানের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে।
গতকাল বুধবার পিপি মো. গোলাম কিবরিয়া শেরপুরের আমলি আদালতে মামলাটি করেন। মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আরজি সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের সভায় গোলাম কিবরিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বদিউজ্জামান। এতে গোলাম কিবরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি হয়েছে।
মো. বদিউজ্জামান বাদশা বলেন, তাঁর বিরুদ্ধে মামলা করে গোলাম কিবরিয়া তাঁর কালিমা ঢেকে রাখার অপপ্রয়াস চালিয়েছেন মাত্র।
মুখ্য বিচারিক হাকিম আদালতের পেশকার মো. ছামিউল হক বলেন, আদালতের নির্দেশনা-সংবলিত মামলার নথি সদর থানায় পাঠানো হয়েছে।