আ.লীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে অন্যের বাড়িতে হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনি ও শুক্রবার দুই দফায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী ব্যক্তির নাম ফেরদৌসী বেগম। তিনি বারইগ্রামের আবুল মনসুরের স্ত্রী।
অভিযোগের বিবরণ অনুযায়ী, আবুল মনসুরের প্রতিবেশী সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালিব। সম্প্রতি তাঁদের বাঁশঝাড় থেকে মোতালিব কিছু বাঁশ বিক্রি করে দেন। গত শুক্রবার ক্রেতা এসে বাঁশ কেটে নিতে চাইলে মনসুর ও ফেরদৌসী বাধা দেন। এতে মোতালিব ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে তাঁদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। হামলাকারীরা মনসুর, ফেরদৌসী ও তাঁদের দুই ছেলেকে মারধর করেন।
ফেরদৌসী বেগম বলেন, মোতালিবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। এখন ছেলেরা বড় হওয়ায় স্বামীর ভিটায় চলে এসেছেন। কিন্তু গ্রামের অনেক পরিবর্তন ঘটলেও তাঁর অবস্থা আগের মতোই রয়ে গেছে।
এ বিষয়ে আবদুল মোতালিব বলেন, ‘আবুল মনসুর ও তাঁর পরিবারের লোকজন আমাকে এবং আমার নেত্রীকে গালিগালাজ করেন। পরে আমার কিছু পোলাপান সেখানে গিয়েছিল। ভয়ে তাঁরা বাড়িঘর ফেলে চলে গিয়েছিল। আর ওই জমি ও বাঁশঝাড় তাঁর। কাউকে মারধর ও ভাঙচুর করা হয়নি।’
ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. নূর ই কাশেম বলেন, তিনি ঘটনাটি তদন্ত করতে গতকাল শনিবার গিয়েছিলেন। ঘটনার সত্যতা ও সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শুরু হবে।