আ.লীগ নেতার বিরুদ্ধে মৎস্য কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ
নাটোরের সিংড়া উপজেলার নূরপুর এলাকায় আত্রাই নদ থেকে অবৈধ সুতিজাল জব্দ করে পুড়িয়ে দেওয়ায় মৎস্য কর্মকর্তাকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা মৎস্য সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য বিভাগের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার জাহিদুল ইসলামের নেতৃত্বে নূরপুর এলাকায় আত্রাই নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে লক্ষাধিক টাকার অবৈধ সুতিজাল জব্দ করা হয়। পরে এসব জাল উপজেলা চত্বরে এনে সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ইউনিয়ন (কলম ইউনিয়ন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুনশি ও তাঁর কর্মীরা। আওয়ামী লীগের ওই নেতার উপস্থিতিতে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ওমর আলীকে লাঞ্ছিত করেন কিছু যুবক। ঘটনাস্থল থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জাহিদুল ইসলাম ও পুলিশ চলে যাওয়ার পরপরই ১০-১২ জন অজ্ঞাত যুবক আবার ওই মৎস্য কর্মকর্তাকে ঘিরে ধরে তাৎক্ষণিকভাবে উপজেলা ছেড়ে চলে যেতে বলেন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তখনকার মতো রক্ষা পেলেও হামলাকারীরা তঁাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
তবে আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন মুনশি মৎস্য কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নদীর ঘাটে বাঁধা নৌকা থেকে জালগুলো জব্দ করা হয়েছিল। সেখান থেকে এনে পুড়িয়ে ফেলা হয়। এ ব্যাপারে আমার কর্মীরা তাঁর সঙ্গে আলোচনা করেছেন মাত্র। প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি।’
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, সহকারী কমিশনার ও পুলিশ ঘটনাস্থল ত্যাগের পর সন্ধ্যায় জালের মালিকেরা তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা তাঁর গায়ে হাত তোলার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। পরে হামলাকারীরা হুমকিধমকি দিয়ে চলে যান। ঘটনাটি ইউএনও ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, আইনের বিধিবিধান অনুসরণ করেই অবৈধ সুতিজাল ধ্বংস করা হয়েছে। এটা আদালতের সিদ্ধান্ত। এ ব্যাপারে মৎস্য কর্মকর্তার ওপর চড়াও হওয়াটা দুঃখজনক। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।