আ.লীগ নেতার বিরুদ্ধে শত বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে একটি বিলের প্রায় ১০০ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বিল পাড়ের শতাধিক কৃষক গতকাল রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। পরে তাঁরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পড়েন শফিয়ার রহমান। এতে বলা হয়, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আবরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহারুল ইসলাম উপজেলার মাহিদিয়া বিলের প্রায় ১০০ বিঘা জমি দখল করতে ২৩ মে দলবল নিয়ে যান। এ সময় স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তাঁরা ফিরে যেতে বাধ্য হন। কিন্তু তাঁরা নানা হুমকি ধমকি দিয়ে আসছেন।
সম্মেলনে আরও বলা হয়, ‘ওই বিলের প্রায় ১০০ বিঘা জমি আমাদের পূর্বপুরুষেরা চাষাবাদ করে আসছিলেন। এরপর ১৯২৭ সালে ব্রিটিশ সরকার ওয়ারিশ সূত্রে জাফর সরদার, শামছুর সরদার, মোকছেদ দফাদার, সুনাল্যে বিশ্বাস, হাগু মোল্যা, শরিয়াতুল্যা, অটলবিহারী পাল প্রমুখের নামে রেকর্ড লিপিবদ্ধ করে। ১৯৪৭ সালে ওই জমি পাকিস্তান সরকার জেলা প্রশাসকের নামে অধিগ্রহণ করে। কিছুদিন পর পাকিস্তান-ভারত যুদ্ধ হলে হাজার হাজার ভারতীয় এ দেশে ঢুকে পড়ে। তাদের রূপদিয়া, সাড়াপোল, বানিয়াবহু, তফসীডাঙ্গা, চাঁচড়া, রাজা বরদাকান্ত রোড এলাকাসহ আশপাশে থাকতে এবং হরিণাসহ আশপাশের বিল ও মাহিদিয়া বিলের কিছু অংশ মৌখিকভাবে চাষাবাদের অনুমতি দেয় জেলা প্রশাসন। কিন্তু তাঁরা কোনো দিন সেখানে চাষাবাদ করেনি। ১৯৬২ সালের রেকর্ড অনুযায়ী আমরাই জমির প্রকৃত মালিক।’
তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের খবর শুনে শাহারুল ইসলাম দুপুরে প্রেসক্লাবে যান। সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা। ওই মৌজায় ২৯ বিঘা জমি আমি প্রকৃত মালিকদের কাছ থেকে দলিলসূত্রে কিনে নিয়েছি।’