আ.লীগ নেতার বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে গতকাল বুধবার আওয়ামী লীগের নেতা ও তাঁর লোকজনের বিরুদ্ধে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ ও তাঁর লোকজনের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।
ওই হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন ছাড়াও ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ছেলে রবিউল ইসলাম আহত হয়েছেন। তাঁদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মকবুল প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটি করা হয়েছে। এই কমিটি আওয়ামী লীগের নেতা আবদুল মজিদের পছন্দ হয়নি। তাঁদের পক্ষ থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে একটি অভিযোগ দেওয়া হয়। গতকাল এর তদন্ত হওয়ার কথা ছিল। বিষয়টি জানার পর তিনি মাধ্যমিক শিক্ষার উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তদন্ত দাবি করে একটি আবেদন করেন। এ কারণে গতকাল বোর্ড থেকে কোনো তদন্ত কর্মকর্তা আসেননি। এ ঘটনায় আবদুল মজিদ ক্ষুব্ধ হতে পারেন। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আবদুল মজিদের নেতৃত্বে একদল লোক তাঁর কার্যালয়ে ঢুকে হামলা চালান। মজিদ প্রথমে তাঁর গায়ে হাত দেন। এরপর অন্যরা তাঁদের মারধর করেন। তাঁরা বাঁশ দিয়েও তাঁদের পিটিয়েছেন। শিক্ষকেরা তাঁকে জানিয়েছেন, হামলার সময় ভয়ে দুজন ছাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে তাদের মাথায় পানি দিয়ে সুস্থ করা হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার ঘটনা সঠিক। শিক্ষকেরা আহত হয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মামলার প্রস্তুতি নিচ্ছেন।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য আবদুল মজিদের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।