আ.লীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় রজব আলী নামে (৪৮) আওয়ামী লীগের এক নেতা যৌতুক না পেয়ে তাঁর তৃতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই গৃহবধূর নাম জোবেদা খাতুন (৩০)।

১৪ এপ্রিল গভীর রাতে তাঁকে নির্মমভাবে মারপিট করার পর গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত গৃহবধূর পরিবারের সদস্য ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, উপজেলার হাটুরিয়া গ্রামে রজব আলীর বাড়ি। তিনি হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সভাপতি। রজব তিনটি বিয়ে করেছেন। তাঁর প্রথম ও তৃতীয় স্ত্রী আপন দুই বোন। তাঁদের বাড়িও হাটুরিয়া গ্রামে।

নিহত জোবেদার মা আবেদা খাতুন ও ভাই কোরমান আলী জানান, তাঁদের আর্থিক অবস্থা খারাপ। কিন্তু রজব আলী সচ্ছল ও এলাকায় প্রভাবশালী। ২০ বছর আগে রজব আলীর সঙ্গে আবেদা খাতুনের বড় মেয়ে বুলু খাতুনের বিয়ে হয়। এর প্রায় পাঁচ বছর পর তিনি বিলকিস আক্তার নামে আরও এক নারীকে বিয়ে করেন। ১০ বছর আগে ভয়ভীতি দেখিয়ে শ্যালিকা জোবেদাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে রজব আলী জোবেদাকেও তুচ্ছ কারণে নির্মমভাবে মারপিট করতেন। তাঁর মারপিট থেকে রেহাই পেতেন না বাকি দুই স্ত্রীও।

জোবেদার মা জানান, শুক্রবার গভীর রাতে রজব আলী জোবেদাকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে জোবেদা অচেতন হয়ে পড়েন ও তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আহত অবস্থায় শনিবার সকালে প্রথমে তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আবেদা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়েকে কীভাবে নির্যাতন করা হয়েছিল, সবই হাসপাতালে শুয়ে আমাকে বলে গেছে। নির্যাতনের সময় সে অনেক চিৎকার করেছিল। কিন্তু কেউ তাঁকে বাঁচাতে যায়নি।’

রজবের অন্তত চারজন প্রতিবেশী জানান, নির্মমভাবে বউ পেটানো রজবের কাছে নিয়মিত ব্যাপার ছিল। পেটাতে গিয়ে কখনো কখনো স্ত্রীদের মুখে ময়লা পর্যন্ত গুঁজে দিতেন তিনি। স্ত্রীরা মার খেয়ে পালালে তাড়া করে সেখানে গিয়েই তাঁদের পেটাতেন। এলাকাবাসীর সামনে এসব ঘটনা ঘটলেও ভয়ে কেউ কিছু বলত না।

বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রজব আলীর পাশের গ্রামের (জগন্নাথপুর) বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘রজব আলী হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সভাপতি। এই কমিটি এখনো অনুমোদন পায়নি। তিনি যেভাবে স্ত্রীদের পেটাতেন তা ছিল শিউরে ওঠার মতো।’

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবেদার ভাই কোরমান আলী বাদী হয়ে রোববার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রজব আলীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’