আ.লীগ নেতার বিরুদ্ধে ১১ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ ১১টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নয়জন নেতা লিখিতভাবে এসব অভিযোগ করেছেন।
গত শনিবার অভিযোগ-সংবলিত পত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ বগুড়া জেলা সভাপতির কাছে পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মিজানুর রহমান খান দলীয় পদবি ব্যবহার করে টাকার বিনিময়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মামলার আসামিদের সুবিধা দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি করছেন। চলতি বছরে শুরুতে ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের গত ২৩ ফেব্রুয়ারি রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় উপজেলা কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সাঈদ ফকির বাদী হয়ে ২৪ ফেব্রুয়ারি দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনের বিস্ফোরকদ্রব্য ধারায় একটি মামলা করেন। এতে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের আসামি করা হয়। পরে বাদী সাঈদ ফকির মামলার অন্যতম আসামি থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস সাখিদার (৩৫), চামরুল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. হুিমায়ূন (৪০), জামায়াতের রুকন খলিলুর রহমান (৪৫) ও জামায়াতের কর্মী মো. ওয়াজেদের (২৭) কাছ থেকে আট-দশ লাখ টাকা নিয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
সাঈদ ফকির বলেন, ‘আমি মামলাটি পড়ে দেখিনি। সভাপতি সাহেব আমাকে থানায় নিয়ে গিয়ে অভিযোগে সই করতে বললে আমি দলের স্বার্থে বাদী হয়েছি। তবে নিরীহ মানুষকে হয়রানি না করার জন্যই চারজনকে মামলা থেকে অব্যাহতি দিতে এফিডেভিটটি করেছি।’
ফজলুল হক অভিযোগ করেন, ২০১৩ সালের ৩ মার্চে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগ সভাপতির বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসব ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে নয়টি মামলা করা হয়। মিজানুর রহমান খান ওই মামলাগুলোয় জড়ানোর হুমকি দিয়ে অনেকের কাছ থেকে কোটি টাকা বাগিয়ে নেন। তিনি উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়োগ-বাণিজ্য করেন। কয়েক দিন আগে উপজেলার পাওগাছা বালিকা বিদ্যালয়ে নিয়োগের নামে পাঁচ লাখ টাকা নিয়েছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘২০১৩ সালের ৩ মার্চে আমার দোকান ভাঙচুর করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাহায্যের নামে পাঁচ লাখ টাকার চেক নিতে সভাপতি মিজানুর রহমানকে তিন লাখ টাকা দিতে হয়েছে। এর প্রতিবাদ করায় তিনি পৌর আওয়ামী লীগের নির্বাচিত কমিটি অবৈধভাবে ভেঙে দিয়ে তাঁর লোকদের নিয়ে আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছেন।’
এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান খান দাবি করেন, ‘অযথা কাউকে হয়রানি করা ঠিক হবে না। ঘটনায় যাঁরা জড়িত নন, তাঁদের মামলা থেকে বাদী অব্যাহতি দিয়েছেন। ওয়ার্ড কমিটির সদস্যদের অভিযোগের ভিত্তিতে পৌর কমিটি ভেঙে গেছে। এতে আমার কিছু করার নেই। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো কমিটিতে আমি নেই। অযথা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্ব) ও সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, রাজনৈতিক দলে একসঙ্গে কাজ করতে গেলে ছোটখাট মতপার্থক্য থাকতে পারে। দলীয় নির্দেশ পালনে সবাই এক হয়ে কাজ করেন। উপজেলার সমস্যাগুলো দেখভালের জন্য জেলার নেতাদের বলা হয়েছে।