আ.লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নকল পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে গতকাল শনিবার বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্যপণ্য উদ্ধার করেছে র‌্যাব।
তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত মো. মোস্তাফিজুর রহমানকে প্রথমে এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুমন পারভেজকে ছয় মাসের কারাদণ্ড, ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে উভয়কে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. জোবায়ের রহমান।
পরে মো. মোস্তাফিজুর রহমান আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দাবি করেন, তাঁকে ভুল বুঝিয়ে সুমন পারভেজ ওই ব্যবসা পরিচালনা করে আসছেন। সুমন পারভেজ এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের বক্তব্য আদালত এবং উপস্থিত সবার সামনে মেনে নিলে আদালত রায় পুনর্বিবেচনা করে মোস্তাফিজুর রহমানকে দেওয়া এক বছরের কারাদণ্ডের আদেশ প্রত্যাহার করে নগদ দুই লাখ টাকা জরিমানা করেন এবং সুমন পারভেজের সাজা বহাল রাখেন।
র‌্যাব-১৩-এর উপপরিচালক মেজর আবদুল্লাহ-আল-মাহমুদ জানান, তাঁর নেতৃত্বে র্যা বের গোয়েন্দা দল গতকাল দুপুরে বালুয়াডাঙ্গা এলাকার দ্বিতল বাড়িতে অভিযান চালায়। এ সময় কারখানার কর্মচারী মো. জাহিদ (২০), মো. খায়রুল আলম (৩২), নূর এ জান্নাত (১৮) ও আফরিন আক্তারকে (২০) আটক করা হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনে রাস্তায়, ভবনে বড় করে সাপ্তাহিক পথচলা নামে একটি পত্রিকার সাইনবোর্ড। ভবনের ভেতরের অনেক জায়গায় পত্রিকাটির স্টিকার লাগানো। কিন্তু ভবনের সর্বত্র ‘তৃপ্ত ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম চোখে পড়ে। নিচতলার ডান দিকে বড় একটি কক্ষে কার্টনজাত তৃপ্ত সয়াবিন, সরিষার তেল, লিচু ও আমের জুস, চকলেট, মুড়িসহ বিভিন্ন পণ্য সাজানো। বাঁ দিকের কক্ষটিতে প্লাস্টিকের বিশাল ড্রাম থেকে সয়াবিন ও সরিষার তেল বের করে স্টিলের ছোট ড্রামে ভরে বোতলজাত করার যন্ত্র চোখে পড়ে।
নূর এ জান্নাত ও আফরিন আক্তার প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ হলো, তাঁরা এই কারখানায় কাজে যোগ দিয়েছেন। কারখানার অপর দুই কর্মী মো. জাহিদ ও খায়রুল ইসলাম জানান, ছয় মাস ধরে কারখানাটি চলছে। মূল মালিক মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাবু। ব্যবসা পরিচালনা করেন সুমন পারভেজ। বিরল উপজেলায় মালিকের কারখানায় মুড়ি উৎপাদিত হলেও সরিষা ও সয়াবিন তেল শহরের পাইকারি দোকান থেকে কিনে বোতলজাত করে ‘তৃপ্ত ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির’ লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। বাকি পণ্য বাইরে থেকে কোম্পানির লেবেল লাগানো অবস্থায় আসে। তবে কোথা থেকে আসে, তা তাঁরা জানেন না।
র‌্যাব সদস্যদের মুঠোফোন পেয়ে প্রায় এক ঘণ্টা পর মো. মোস্তাফিজুর রহমান ও সুমন পারভেজ কারখানায় এসে প্রথমে পুরো ব্যবসাকে বৈধ বলে দাবি করেন। তবে ট্রেড লাইসেন্স ছাড়া আর কোনো কাগজ দেখাতে পারেননি। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যরা ব্যবসাকে অবৈধ ঘোষণা করে তাঁদের সাজা দেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে র‌্যাব সদস্যরা ভবনে থাকা সব পণ্য বাজেয়াপ্ত করে ট্রাকে করে নিয়ে যান। ভবনটি সিলগালা করে দেওয়া হয়।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান প্রথম আলোকে বলেন, জব্দ করা পণ্যের মূল্য ৩ লাখ ৯৬ হাজার টাকা। আজ বুধবার প্রকাশ্যে পণ্যগুলো ধ্বংস করা হবে।