আ.লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

দুটি মামলায় গ্রেপ্তার হওয়া যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের নেতা ইলিয়াস কবিরের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার যশোর-বেনাপোল ও যশোর-নাভারণ-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ছয় ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নাভারণ মোড়ে সড়কের ওপর ট্রাক আড়াআড়ি করে রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে তিনি জামিনে মুক্ত হলে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধের কারণে দুটি সড়কে কোনো ধরনের যানবহন চলাচল করতে পারেনি। আমদানি-রপ্তানির পণ্যবাহী গাড়ি ও ভারত-বাংলাদেশের যাত্রীবাহী বাস চলাচলে চরম বাধার সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার সাতমাইল এলাকার গরুর হাটের দখল নিয়ে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস কবির ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লতিফ ধাবকের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছে। গত ১৯ অক্টোবর লতিফ ধাবকের পক্ষের করা মারামারি ও বোমা বিস্ফোরণের ঘটনার একটি মামলায় গত সোমবার রাতে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এর আগে ইলিয়াস কবিরের লোকজনের দায়ের করা অন্য একটি মামলায় লতিফের ছেলে শফিক ধাবককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত দুজনকে জামিনে মুক্তি দেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান বলেন, ইলিয়াস কবির মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার আসামি।