আ.লীগ নেতার লাশ উদ্ধার, বিএনপির নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিরই গ্রামে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপির নেতা আবদুল মান্নানকে তাঁর ঘরেই গুলি করে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার শেরপুর এলাকা থেকে গতকাল সকালে আওয়ামী লীগের নেতা গোলাম মাওলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ছোবাহানপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
গফরগাঁওয়ে হত্যার শিকার আবদুল মান্নান ওরফে গদা (৬০) স্থানীয় দত্তের বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
গফরগাঁওয়ের পাগলা থানার পুলিশ ও মান্নানের পরিবার সূত্রে জানা যায়, মান্নান একটি গভীর নলকূপ চালাতেন। গভীর রাতে কৃষকেরা সেচের জন্য ডাকাডাকি করতেন বলে রাতেও নিজের ঘরের জানালা খুলেই ঘুমাতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি সেচের কাজ শেষ করে এসে নিজের ঘরে ঘুমাতে যান। কিছুক্ষণ পর অজ্ঞাত দুর্বৃত্তরা জানালা দিয়ে মান্নানকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মান্নানের স্ত্রী ফাতেমা আক্তার ও স্বজনেরা জানান, তাঁরা এ ঘটনায় জড়িত কাউকে সন্দেহ করতে পারছেন না।
গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, কয়েক বছর আগে ওই গ্রামে মুর্শিদ নামের একজনকে হত্যা করা হয়েছিল। মান্নান ওই মামলায় সাজা খেটেছেন। পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এদিকে পুলিশ লক্ষ্মীপুরের শেরপুর থেকে গোলাম মাওলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরের দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, লক্ষ্মীপুরের শেরপুর গ্রামের একটি বাগানে গোলাম মাওলার লাশ সুপারিগাছের সঙ্গে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে। তাঁকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাম নারায়াণপুর ইউনিয়নের ছোবাহানপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন চৌধুরী জানান, গোলাম মাওলা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তাঁকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, মামলার পরে ব্যবস্থা নেওয়া হবে।