আ.লীগ নেতার সঙ্গে ব্যক্তির বিরোধ, ভুগছে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে মুকুল ভূঁইয়া নামে স্থানীয় এক ব্যক্তির বিরোধ দীর্ঘদিনের। দুই মাস আগে গ্রামের একটি রাস্তা পাকা করা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ আরও বেড়েছে। রাস্তা করার জন্য চেয়ারম্যানের নির্দেশের পরও মুকুল ভূঁইয়া তাঁর বাড়ির সামনের গাছ কাটেননি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান মুকুলের বাড়িসহ ১০-১২টি বাড়ির সামনের সড়কের ১০০ ফুট অংশ নালার মতো কেটে রেখেছেন।
এলাকার কয়েকজন জানান, বুরুদিয়া গ্রামের একাংশের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। অথচ ইউপি চেয়ারম্যান ও মুকুল ভূঁইয়ার বিরোধের জের ধরে রাস্তাটি কেটে ফেলায় ভোগান্তি পোহাচ্ছেন গ্রামের সহস্রাধিক মানুষ। মোস্তফা কামাল বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও; আর মুকুল একজন বিমা কর্মকর্তা। তাঁরা বুরুদিয়া গ্রামের বাসিন্দা। দুজনের বাড়ির দূরত্ব প্রায় ২০০ গজ। বিগত ইউপি নির্বাচনে মোস্তফা কামালের পক্ষ নেননি মুকুল। এ কারণে সেই সময় থেকে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়।
দুই বাড়ির পাশ ঘেঁষে সেই রাস্তাটি বাজারের মূল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। সড়কটি কাঁচা ও সরু হওয়ায় মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল, বিশেষ করে বৃষ্টি হলে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ওই সময় গ্রামের কৃষকদেরও কৃষিপণ্য এই রাস্তা দিয়ে বাজারে নিতে সমস্যা হয়। এই পরিস্থিতিতে দুই মাস আগে চেয়ারম্যান গ্রামের বাসিন্দাদের জানান, এখন রাস্তাটি তাঁর পাকা করার সুযোগ আছে। এ জন্য তিনি সবাইকে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিতে এবং গাছ কেটে ফেলার নির্দেশ দেন। চেয়ারম্যানের এই নির্দেশ অনেকে মেনে নিলেও বেশ কয়েকটি পরিবার বেঁকে বসে। এর মধ্যে মুকুলও একজন।
নির্দেশ না মানায় ইউপি চেয়ারম্যান গত ২০ মে তাঁর অনুগতদের দিয়ে মুকুলের বাড়ির সামনের সড়ক কেটে নালা তৈরি করে ফেলেন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রায় ১০০ ফুট সড়কের মাটি কেটে নালা তৈরি করা হয়েছে। এর গভীরতা প্রায় দেড় ফুট। বৃষ্টি এলে নালা পানিতে ভরে যায়। আশপাশের লোকজন গর্তে ময়লা-আবর্জনা ফেলছেন। লোকজন কষ্টে রাস্তার পাশ দিয়ে চলাচল করছেন। ওই স্থান দিয়ে রিকশা বা সাইকেলে যাতায়াত করা যায় না।
মুকুল ভূঁইয়া অভিযোগ করেন, ‘সড়কের নামে খোঁজ নাই, গাছ কাটার তোড়জোড়। আমি বলেছি, সড়ক নির্মাণ শুরু হলে গাছ কেটে দিব। এই অবস্থায় আমি প্রতিকার পেতে ১৯ আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছি।’ তবে সড়ক নির্মাণ শুরু হলে গাছ কেটে দেওয়া হবে বলে মুকুল যে মন্তব্য করেছেন, ইউপি চেয়ারম্যান তাতে দাবি করেন, এটা রাস্তার জন্য জায়গা না দিতে মুকুলের ফন্দি।
ইউপি চেয়ারম্যান বলেন, বারবার উদ্যোগ নিয়েও মুকুলের কারণে সড়ক নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। তাই কারও বাড়ির সামনের রাস্তা কেটে ফেলা যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজটি আমি করিনি। ক্ষোভ থেকে জনতা করেছে।’
ওই গ্রামের ভুক্তভোগী লিমন ও মামুন নামে দুই যুবক বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণের বিষয়টি ভাবা যায় না। গ্রামের বাসিন্দা বুরুদিয়া উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল করিম বলেন, জনগণের স্বার্থে মুকুলের গাছ কেটে দেওয়া উচিত ছিল। আবার একজন জনপ্রতিনিধি হয়ে চেয়ারম্যানের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। দুজনের বিরোধের কারণে এখন গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।