আ.লীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবোধ চন্দ্র সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ও আওয়ামী লীগের ওই নেতার বিচারের দাবিতে বিদ্যালয়টির শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। আওয়ামী লীগের নেতার নাম এস এম ফজলুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. এখতিয়ার উদ্দিন বলেন, গত সোমবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন ছিল। এই পদে স্থানীয় এস এম ফজলুল হক ও জিয়াউর রহমান প্রার্থী হন। দুজনই বিদ্যালয় কমিটিতে অভিভাবক সদস্য ছিলেন। কিন্তু গোপন ভোটে ফজলুল হক পরাজিত হন। নির্বাচন শেষে বিদ্যালয় থেকে শিক্ষক সুবোধ চন্দ্র বাড়ি ফেরার পথে বিদ্যালয় চত্বরে ফজলুল হক ও তাঁর লোকজন মিলে ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। খবর পেয়ে অন্য শিক্ষকেরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।
বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান বলেন, এস এম ফজলুল হক সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, ওই নির্বাচন তাঁর উপস্থিতিতেই হয়েছে। মোট আটটি ভোটের মধ্যে ফজলুল হক দুই ভোট পান। অবশিষ্ট ভোট পান অপর প্রার্থী জিয়াউর রহমান। ফজলুল হক ছিলেন বিদ্যালয় কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য। আর সুবোধ চন্দ্র শিক্ষক প্রতিনিধি।
শিক্ষক সুবোধ চন্দ্র সরকার বলেন, নির্বাচনের আগে ফজলুল হক তাঁর কাছে ভোট চেয়েছিলেন। বিদ্যালয় কমিটিতে সভাপতি পদ ছাড়া আটজন সদস্য আছেন। এর মধ্যে তিনজন শিক্ষক সদস্য। ফজলুল হক জানতেন, তিনি দুজন অভিভাবক সদস্যের ভোট পেতে যাচ্ছেন। সেই সঙ্গে তিন শিক্ষক প্রতিনিধির ভোট পেলে তাঁর বিজয় নিশ্চিত। কিন্তু গোপন ভোটে হেরে যাওয়ায় ফজলুল হক তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে এই হামলা চালান।
তবে আওয়ামী লীগের নেতা ফজলুল হক ওই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের পর শিক্ষক সুবোধ চন্দ্র সরকারের সঙ্গে তাঁর লোকজনের কিছু কথা-কাটাকাটি হয়েছে।
আরেক শিক্ষক ইছাহাক আলী বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন চলাকালে এ ধরনের ঘটনা ঘটবে, তা তাঁরা ধারণা করতে পারেননি। তিনি ভোট শেষ করে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ফজলুল হক ও তাঁর সঙ্গে থাকা ছয়-সাতজন মিলে শিক্ষক সুবোধ চন্দ্রকে মারধর করতে দেখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী জানায়, তাদের প্রিয় শিক্ষককে অপমান করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িত সবার বিচার দাবি করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে গতকাল বেলা সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।