অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুকসহ চারজনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
মামলার অপর আসামিরা হলেন পদুয়া ইউপির সাবেক সদস্য আইয়ুব আলী, এলজিইডির লোহাগাড়া উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু তৈয়ব এবং প্রকল্পের সভাপতি নুরুল কবির।
দুদকের উপসহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান লোহাগাড়া থানায় এসব মামলা করেন। মামলার বাদী খন্দকার আখেরুজ্জামান বলেন, ‘২০১০-১১ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের আওতায় পদুয়া বাজার-সংলগ্ন কবরস্থানের সীমানাদেয়াল নির্মাণ, হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ এবং পদুয়া মালিপাড়ার কবরস্থানের সীমানাদেয়াল নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ করা ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পায় দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পর অনুসন্ধান শুরু হয়। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে।’
ওমর ফারুক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এলজিইডি উপসহকারী প্রকৌশলী আবু তৈয়ব বলেন, এসব প্রকল্পের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না।