আ.লীগ নেতাসহ তিন জেলায় চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা ও সদরপুর এবং নড়াইলের লোহাগড়ায় গত শুক্রবার আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন খুন হয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল শনিবার একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
ফরিদপুর: শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনোকদিয়া এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে তেহারদ্দীন মাতুব্বর নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা ছোট ভাই ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাহিদ মাতুব্বর (৫৫) আহত হন। তাঁদের বাড়ি সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। নিহত তেহারদ্দীন মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গোট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, শুক্রবার রাতে তেহারদ্দীন মাতুব্বর ও তাঁর ছোট ভাই অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে বিনোকদিয়া এলাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় এলে পাঁচ-ছয়জনের একটি দল অটোরিকশাটি থামায় এবং দেশীয় অস্ত্র নিয়ে দুজনকে এলোপাতাড়ি কোপায়। এতে তেহারদ্দীন ঘটনাস্থলে মারা যান।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফছার উদ্দীন গতকাল সন্ধ্যায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমতউল্লাহ মাতুব্বর কান্দি গ্রামের বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, এক সপ্তাহ আগে ছবুরা বেগমের (৫৫)ছেলে সুলতান মাতুব্বর তাঁর চাচাতো ভাই হাফেজ মাতুব্বরের কাছ থেকে একটি মুঠোফোনের সিমকার্ড কেনেন। বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সুলতান ও হাফেজের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাফেজ লাঠি দিয়ে ছবুরা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ছবুরা বেগমের ছেলে সুলতান বাদী হয়ে শুক্রবার রাতেই হাফেজ মাতুব্বরসহ ১২ জনকে আসামি করে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল): জেলার লোহাগড়া উপজেলায় ঘরে ঢুকে হাফিজুর মুন্সী (৩৭) নামের এক ব্যক্তিকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর পাংখারচর চরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। দুই ছেলে, স্ত্রী বিউটি বেগম (৩০) ও বৃদ্ধ মাকে নিয়ে হাফিজুরের সংসার ছিল।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কীভাবে দুর্বৃত্তরা ঘরে ঢুকেছে এবং কোনো মালপত্র খোয়া গেছে কি না, তা পরিষ্কার নয়। এটি বলতে পারবেন শুধু নিহত ব্যক্তির স্ত্রী। কিন্তু তাঁর স্ত্রীর কথাবার্তা অসংলগ্ন।
মির্জাপুর (টাঙ্গাইল): জেলার মির্জাপুর উপজেলার পাহাড়পুর দুর্গাপুর এলাকা থেকে গতকাল তারা মিয়ার (৫০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমুদিনী হাসপাতালের দারোয়ানের চাকরি থেকে প্রায় তিন মাস আগে অবসর নেন। তারা মিয়া স্ত্রী ও সন্তান নিয়ে পাহাড়পুরে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তারা মিয়া শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। গতকাল সকালে দুর্গাপুর এলাকার একটি কলাবাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।