আ.লীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় কবরস্থান, এতিমখানা ও মাদ্রাসার পুকুরপাড়ের ২২টি মেহগনিগাছ অবৈধভাবে কাটার অভিযোগে গত সোমবার আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। স্থানীয় বিজোড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহমুদ হাসান থানায় ওই জিডি করেন।
ওই জিডির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম রওশন কবীর ও সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল হোসেনকে দেওয়া হয়েছে।
ওই জিডি সূত্রে জানা গেছে, বিজোড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অধীন পলাশবাড়ী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির ওপর গাছগুলো ছিল। স্থানীয় জগতপুর এতিমখানা, মাদ্রাসা ও পলাশবাড়ী কবরস্থান–সংলগ্ন পুকুরপাড়ে গাছগুলো লাগানো ছিল। গত সোমবার সকাল ১০টার দিকে পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, জগতপুর পলাশবাড়ী কবরস্থান ও মাদ্রাসার সভাপতি মোজাহারুল ইসলাম, মাদ্রাসা কমিটির সম্পাদক মোজাম্মেল হক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা কমিটির সদস্য মনছুর আলীর নেতৃত্বে গাছগুলো কাটা হয়।
মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগে কেটে ফেলা বেশির ভাগ গাছ সরিয়ে ফেলা হয়। পরে গাছের কিছু খণ্ড উদ্ধার করে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের হেফাজতে রাখা হয়। এ ঘটনায় তিনি ওই তিন ব্যক্তির নাম উল্লেখ করে থানায় জিডি করেন।
তবে মোজাহারুল হক বলেন, গাছগুলো কবরস্থান বা খাসজমির ওপরে নয়, তাঁর নিজস্ব মালিকানা জমির ওপর ছিল।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, কেটে ফেলা গাছগুলোর দাম অন্তত এক লাখ টাকা হবে।
জিডির সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।