আ.লীগ নেতাসহ দুজন কারাগারে, ওমরপুর গ্রামে পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষে ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার ঘটনায় ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ
করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, গ্রামের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
সম্পত্তি নিয়ে বিরোধ ও বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র ওই সংঘর্ষের ঘটনায় করা পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহম্মদ ওরফে কনু ও রহিমা খাতুন।
পুলিশ জানায়, ৫৪ শতক সম্পত্তি নিয়ে ওমরপুর গ্রামের মুসলিম তালুকদারবাড়ির রহিমা খাতুনের পরিবারের সঙ্গে পাশের চানপুর গ্রামের এক ব্যক্তির বিরোধ চলে আসছে। বছর দুয়েক আগে চানপুর গ্রামের ওই ব্যক্তি আওয়ামী লীগের নেতা পেয়ার আহম্মদের কাছে বিরোধপূর্ণ ওই জমি বিক্রির জন্য বায়নাপত্র করেন। সেই সূত্রে ওই সম্পত্তি দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে ওই সংঘর্ষ হয়। এতে নিহত হন ছাত্রলীগের কর্মী নূরনবী নঈম। তাঁর বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, সম্পত্তি নিয়ে বিরোধে সংঘর্ষের সময় একজন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় রহিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর দিকে হামলা, ভাঙচুর, লুটপাট ও ধর্ষণচেষ্টার অভিযোগে রহিমা খাতুনের মেয়ে সাজেদা বেগমের করা মামলায় জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। দুই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।