আ.লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা নূরুল হুদা (৫৬) ও তাঁর সঙ্গী বেলাল হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার রাত নয়টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
নূরুল হুদা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে নয়টার দিকে নূরুল হুদা মৌলভীবাজার থেকে সঙ্গী বেলালসহ মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। তাঁরা বাড়ির কাছের ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটর-সাইকেলের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নূরুল হুদা ও বেলালকে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে নূরুল হুদা ও বেলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নূরুল হুদাকে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই একই এলাকা থেকে নূরুল আলম (৪০) ও মো. রানা (২৪) নামের দুজনকে আটক করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।