আ.লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
ফেনীতে গত মঙ্গলবার রাতে পৃথক ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ দুজনকে কুপিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দাসেরপুলের অদূরে বলী বািড়র দরজা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন ওরফে বাটলার। তিনি মোটরসাইকেলযোগে উপজেলার লেমুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্বৃত্তরা তাঁর গাড়ির গতিরোধ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা, মুঠোফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনার কিছুক্ষণ পর ফেনী শহর থেকে বাড়ি যাওয়ার পথে একই স্থানে ব্যবসায়ী একরামুল হক ওরফে শিমুলের গতিরোধ করে দুর্বৃত্তরা। তারা ওই ব্যবসায়ীকে কুপিয়ে ৫০ হাজার টাকা, মুঠোফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
স্বজনেরা জানান, স্থানীয় লোকজন আহত আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে নুরুল আমিনকে ঢাকায় পাঠানো হয়।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।