আ.লীগ নেতাসহ নয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে দৈনিক জনকণ্ঠ-এর নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলমকে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার দুই আসামিকে গতকাল রোববার পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল এই হত্যাচেষ্টা মামলার অপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধন করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে কর্ণপুর গ্রামে গেলে জাহাঙ্গীর আলমকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি শনিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ নয়জনকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ গতকাল ভোরে কর্ণপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার দুই আসামি মো. সাইদুল ইসলাম (৩৩) ও রশিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। গতকাল দুপুরে লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাংবাদিক জাহাঙ্গীর আলম হত্যাচেষ্টা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট শহরের মিশন চত্বরে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লালমনিরহাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য দেন লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, বিটিভি ও ইত্তেফাক-এর জেলা সংবাদদাতা এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি আবদুর রব সুজন, সময় টিভির প্রতিনিধি মোফাখ্খারুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, সাংবাদিক জাহাঙ্গীর আলমের বাবা আবদুস ছালাম প্রমুখ।
আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক দাবি করেন, ‘আমি এ ঘটনায় জড়িত নই। আমি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি। অথচ জাহাঙ্গীর আলম আমার বিরুদ্ধেই মামলা করেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, এই মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।