লালমনিরহাট সদর উপজেলার শ্রমিকনেতা ফকরুল ইসলাম ওরফে বুলেট (৩২) হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও হারাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম খানসহ (৩৫) ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শ্রমিকনেতার বাবা গত রোববার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় এ হত্যা মামলাটি করেন।
মামলার এজাহারে আমিনুল ইসলাম খানসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনের কথা উল্লেখ রয়েছে। নিহত ফকরুল ইসলাম উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার প্রথম আলোর বিশাল বাংলায় আধিপত্য ‘বিস্তারের দ্বন্দ্ব, শ্রমিক লীগনেতা খুন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন আসামি হিসেবে গত শনিবার আটক করা আপেল খানকে (২৮) পুলিশ মামলায় ৯ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল কারাগারে পাঠিয়েছে। আপেল হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ইসরাইল খানের ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) এবং মামলার তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, শ্রমিক লীগনেতা ফকরুলের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক বাদী হয়ে হত্যা মামলাটি করেন। আপেল খান নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গতকাল দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত রোববার বিকেলে ফকরুল ইসলামের জানাজা শেষে মরদেহ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের
চিনিপাড়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়।