আ.লীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ব্যবসায়ী রেজাউল করিম হত্যার ঘটনায় মামলা হয়েছে। সাভার মডেল থানায় দায়ের করা ওই মামলায় আওয়ামী লীগ নেতাসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।
এদিকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার এলাকাবাসী রেজাউলের লাশ নিয়ে মিছিল করেছেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রেডিও কলোনি বাসস্ট্যান্ডের ৯ শতাংশ জমি নিয়ে রেজাউল ও তাঁর স্বজনদের সঙ্গে একই এলাকার এরশাদুর রহমানের বিরোধ চলছিল। ওই জমির মালিকানা নিশ্চিত করতে মঙ্গলবার উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বের হওয়ার সময় এরশাদের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। ওই হামলায় রেজাউল নিহত হন। এরশাদ পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি।
পুলিশ জানায়, ঘটনার পর নিহত রেজাউলের ভগ্নিপতি জসিম উদ্দিন গত মঙ্গলবার রাতে মামলা করেন। মামলায় এরশাদুর রহমানসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের আগে ও পরে পুলিশ ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজুল করিমসহ সুজন ও হামজা নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের গতকাল ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহতের চাচা আবদুস সালাম বলেন, তাঁর ভাতিজাকে হত্যার সঙ্গে জড়িত এরশাদুর রহমান এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি দলের ছত্রচ্ছায়ায় থেকে অনেক নিরীহ মানুষের জমি দখল করেছেন। থানায় অভিযোগ দিলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি আরও বলেন, এক দিন পার হয়ে গেলেও পুলিশ এরশাদসহ বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। বরং তাঁরা আড়ালে থেকে নানা হুমকি দিয়ে যাচ্ছেন।
যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।