বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের হাজীপুর বাজারে সোনালী মাদ্রাসা এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম নাছির তাঁর প্রতিদ্বন্দ্বী দলেরই ‘বিদ্রোহী’ প্রার্থী আকন মোহাম্মদ সহিদ ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন আকন মোহাম্মদ সহিদ।
হাজীপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকন মোহাম্মদ সহিদের নির্বাচনী ক্যাম্প থেকে তাঁর কর্মী জলিল খতিবকে টেনেহিঁচড়ে নিয়ে যান আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। ওই কর্মীকে নির্বাচন থেকে বিরত থাকতে শাসিয়ে দেন তাঁরা। পরে রাত ১০টার দিকে পথসভা শেষে ওই এলাকা থেকে সহিদের সমর্থকেরা বাড়ি ফিরছিলেন।
একপর্যায়ে তাঁদের কয়েকজন নৌকা মার্কার প্রার্থীর ক্যাম্পের বন্ধ শাটারে কয়েকটি আঘাত করেন। এ খবর পেয়ে গোলাম নাছিরের সমর্থকেরা পরে নিজেদের ক্যাম্পের শাটার খুলে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ নাসিমা ফেরদৌসী ও গোলাম নাছিরের বড় ভাই সাবেক সাংসদ গোলাম সবুরের ছবি ভাঙচুর করেন। এ সময় ক্যাম্পের কয়েকটি চেয়ারও ভাঙচুর করা হয়। পরে সেখানে লোকজনকে ডেকে জড়ো করা হয়।
গোলাম নাছির অভিযোগ করেন, সহিদ আকনের নেতৃত্বে ৩০টি মোটরসাইকেলসহ বাসযোগে লোকজন এসে তাঁর ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
আকন মোহাম্মদ সহিদ বলেন, নৌকা প্রতীক পেয়েও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গোলাম নাছির। তাই স্থানীয় তিন সাংসদসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে নতুন কৌশল নিয়ে মাঠে নামতে চান গোলাম নাছির ও তাঁর বাহিনী।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম নাছির লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।