আ.লীগ প্রার্থীর গণসংযোগে ককটেল হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর গণসংযোগে গত বৃহস্পতিবার রাতে ককটেল হামলার অভিযোগে মামলা হয়েছে। এতে বিএনপির প্রার্থী ও বর্তমান পৌর মেয়রসহ ৬৪ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ মে অনুষ্ঠেয় কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এমরান উদ্দিন তাঁর কর্মী-সমর্থক নিয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে সাহাপাড়া হয়ে ডাকবাংলোর এলাকায় যান। এ সময় ডাকবাংলোর সামনে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণে নিজাম উদ্দিন ওরফে রুবেল, ইকবাল হোসেন ও ইসতিয়ার আলম ওরফে জনি নামের তাঁর (এমরান উদ্দিন) তিন কর্মী-সমর্থক আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত নিজাম বৃহস্পতিবার রাতেই কসবা থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ ইলিয়াছকে। তিনি কসবা পৌরসভার বর্তমান মেয়র এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী। মামলায় ৬৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি অবিস্ফোরিত ককটেল ও কয়েকটি বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করে। এ ঘটনায় করা মামলার তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে মেয়র ইলিয়াছ গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের নামে একটি সাজানো মামলা করা হয়েছে। ঘটনার সময় তাঁরা ওই এলাকাতেই ছিলেন না, ছিলেন ৮ নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী সভায়।