দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রচারণার কাজে বাধা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ইউনিয়নে ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই ইউনিয়নের বিএনপির প্রার্থী এ আই এম হাছিবুর রশিদ নিজ বাসভবনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা কয়েক দিন ধরে লাঠিসোঁটা হাতে রাস্তায় রাস্তায় ও পাড়া-মহল্লায় টহল দিয়ে প্রতিপক্ষের প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রচারকাজে বাধা দিচ্ছেন। এ ছাড়া তাঁরা তাঁর সমর্থকদের বািড় বািড় গিয়ে ভোটের দিন ভোটকেন্দ্রে গেলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন।
হাছিবুর রশিদ আরও বলেন, ‘নুর মোহাম্মদের ভাই আলম, আলতাব, অন্নুসহ তাঁর একদল কর্মী-সমর্থক গত মঙ্গলবার সকাল ১০টার দিকে আমার সমর্থকদের ওপর হামলা চালান। এতে আমার সমর্থক খয়রাত হোসেন, খয়রাত হোসেনের ছেলে আবদুল করিম ও আবদুল করিমের স্ত্রী আরজিনা বেগম আহত হন। একইভাবে বুধবার সকালে আমার পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ চালাতে গিয়ে কৈপুলকি খামারবাড়ি জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা ওবায়দুল হক তাঁদের হাতে প্রহৃত ও লাঞ্ছিত হন। ওই দিন বিকেলে দলবল নিয়ে নুর মোহাম্মদ নিজে আমার কর্মী-সমর্থকদের বািড় বািড় গিয়ে তাঁদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেন।’
শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নেœভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা করার জন্য হাছিবুর রশিদ নির্বাচন কমিশন, জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহম্মেদ, বেলাইচণ্ডী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সালেক লতিফ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী নুর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। তাই এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।