আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে হুমকি, পুলিশের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ
ফরিদপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের এক প্রার্থীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া এবং পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগ করেছেন সালথা উপজেলার আটঘর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলীমুজ্জামান। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে মো. আলীমুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী সহিদুল হাসান খান নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আমাকে হয়রানি করছেন এবং আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন। তিনি আমার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন এবং আমার সমর্থকদের তাঁকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। নির্বাচনের দিন ভোট কেটে নেওয়ার হুমকি দিয়ে বলেছেন, ভোট না পেলেও তিনি ক্ষমতার জোরে চেয়ারম্যান নির্বাচিত হবেন।’
মো. আলীমুজ্জামান বলেন, সহিদুলের বাবা লিয়াকত আলী খান ও দাদা গোলাম আলী খান যুদ্ধাপরাধী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের সহযোগী ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী একজন রাজাকারের ছেলে হিসেবে বাবার আদর্শে আদিষ্ট হয়ে মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে হয়রানি-জুলুম-নির্যাতন-হত্যাসহ নানা ধরনের হুমকি দিচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী আরও অভিযোগ করেন, এএসপি (ভাঙ্গা সার্কেল) সামসুল হকের নির্দেশনামতো সালথা থানার এসআই ফরহাদ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
ওই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের। তিনি স্বতন্ত্র প্রার্থীর বক্তব্য সমর্থন করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আলীমুজ্জামানকে সমর্থন করায় আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা এর মধ্যে আমাকে তিনবার লাঞ্ছিত করেছেন।’
‘আমার পরিবারের কোনো সদস্য রাজাকারি কর্মকাণ্ডে জড়িত ছিল না’ দাবি করে সহিদুল খান বলেন, ‘আমি ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছি ও ভোট কেটে নেব বলে হুমকি দিয়েছি, এ কথা কেউ প্রমাণ করতে পারলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব। বরং আমি আমার কর্মী-সমর্থকদের বলেছি, প্রয়োজনে তোমরা মার খাবে, কিন্তু কারও সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবে না।’ মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের অভিযোগের কোনো ভিত্তি নেই দাবি করে সহিদুল খান প্রশ্ন রেখে বলেন, ‘এ অভিযোগ যদি সত্য হয়, তাহলে তিনি (আবদুল কাদের) কেন আমার বিরুদ্ধে মামলা করছেন না?’
আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পুলিশ কর্মকর্তার প্রচারণার অভিযোগ প্রসঙ্গে এএসপি (ভাঙ্গা সার্কেল) সামসুল হক বলেন, এসব অভিযোগ সত্য নয়। পুলিশের কাজ প্রচারণা করা নয়, আইনশৃঙ্খলা রক্ষা করা। সে লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন পুলিশের সদস্যরা। তিনি দাবি করেন, কোনো মহলের প্ররোচনায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এসব প্রচারণা চালানো হচ্ছে।
২৮ মে পঞ্চম ধাপে সালথা উপজেলার আটঘর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে উল্লিখিত দুই প্রার্থী ছাড়াও চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।