আ.লীগ-বিএনপির প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে কড়ইবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় সানুর বাজারে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়নের সানুর বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন মোল্লা ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মানসুরুল আলম ও তাঁদের কর্মী-সমর্থকেরা নির্বাচনী পথসভা শেষ করে ফিরছিলেন। পথে সানুর বাজারে দুই পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টা এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে আমতলী ও বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত ব্যক্তিদের মধ্যে ১৭ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইলিয়াস হোসেন (২৮), কুদ্দুস মিয়া (৫০), মো. হিমু (২৮), শফি উল্লাহ (২৫), আলম তালুকদার (৫০), মো. আল আমিন (২৯), বাদশা তালুকদার (৬০), বাবুল হাওলাদার (৩৫), তৈয়ব আলী খান (৫০), নূর জামাল (৩৩), জামাল মোল্লা (৩৩), মিন্টু মোল্লা (৪০), সাইদুল খান (৩০), হারুন মোল্লা (৩৩), কামাল মোল্লা (৩৪), দুলাল হাওলাদার (৩৫) ও বাশার মোল্লা (২৭)।

 জসিম উদ্দিন মোল্লা অভিযোগ করেন, ‘উত্তর বেহালায় পথসভা শেষে বাড়ি ফিরছিলাম। পথে সানুর বাজারের সেতু পার হওয়ার পরপরই আমাদের ওপর উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতে আমার কর্মী–সমর্থক ১৮ জন আহত হয়েছেন।’

অভিযোগ অস্বীকার করে মানসুরুল আলম বলেন, ‘সানুর বাজারে আমার নির্বাচনী পথসভা শেষে কড়ইবাড়িয়ার উদ্দেশে রওনা হলে আওয়ামী লীগ প্রার্থী জসিম মোল্লার নির্দেশে দলটির নেতা-কর্মীরা লাঠি, দা ও রামদা দিয়ে আমার কর্মীদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এতে সাতজন আহত হয়েছেন।’

একই রাতে বড়বগি ইউনিয়নের পাজরাভাঙা গ্রামের শান্তিরঞ্জন তালুকদারের বাড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীর মুন্সির উঠান বেঠক চলাকালে তাঁর কর্মী মো. আল আমিনের একটি মোটরসাইকেলে কে বা কারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আওয়ামী লীগ প্রার্থী আলমগীর মুন্সি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম হাওলাদারের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

তবে আবুল কাশেম হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে নিজের পরাজয় আঁচ করতে পেরে নিজেরা নিজেদের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার ও আমার কর্মীদের ওপর দোষ চাপাতে তারা এ ঘটনা ঘটিয়েছে।’

 ১৬ এপ্রিল তালতলী উপজেলার পাঁচটি ইউপিতে ভোট হবে।