মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. রমজান আলীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। তিনি ব্যস্ত রাস্তা আটকে নির্বাচনী সমাবেশ করেছেন বলে স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদার অভিযোগ।
কামরুল হুদা গতকাল সোমবার প্রথম আলোর কাছে এ-ও দাবি করেন, এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ গতকাল বেলা তিনটার দিকে তাঁর কার্যালয়ে গিয়ে দিয়ে এসেছেন। তবে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস সন্ধ্যায় বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি।
কামরুল হুদার অভিযোগ, গত রোববার রাত ১০টার দিকে জেলা শহরের সিদ্দিকনগর এলাকার কাটাখালী সেতু-সংলগ্ন ব্যস্ত রাস্তা আটকে যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল বন্ধ করে নির্বাচনী সমাবেশ করেন রমজান আলী। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। এ বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলে তাঁরা কোনো পদক্ষেপ নেননি বলেও উল্লেখ করেন কামরুল হুদা। সন্ধ্যায় রমজান আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবিরও ফোন ধরেননি।
তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, মিছিল করার অভিযোগে মেয়র প্রার্থী রমজান আলীর প্রতিনিধি হিসেবে মোনায়েম খানকে (পৌর আওয়ামী লীগের সভাপতি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।