আ.লীগ-যুবলীগ পাল্টাপাল্টি ধাওয়া, গোলাগুলি
রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে নগরের শাহ মখদুম থানা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও দলীয় সূত্রে জানা যায়, শাহ মখদুম থানার সামনে থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফার একটি কার্যালয় রয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই কার্যালয়ের সামনে ওয়ার্ড যুবলীগের কর্মী রাসেল ও থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিরণের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর লোকজন নিয়ে রাসেল ঘটনাস্থলে এলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কিরণ আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফার অনুসারী। অন্যদিকে রাসেল ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুসারী।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাসেলের সঙ্গে কথা-কাটাকাটির কথা শুনে মীমাংসার জন্য সেখানে যাই। মোস্তফার সঙ্গে কথা বলার সময় রাসেল তার অফিসের দিকে গেলে মোস্তফা তার কাছে থাকা পিস্তল বের করে রাসেলের দিকে গুলি করে।’
তবে অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা বলেন, ‘কিরণের সঙ্গে ঝামেলার কথা শুনে অফিসের ওখানে এসে বিষয়টি মীমাংসার জন্য মাসুদকে (মোস্তাফিজুর রহমান) ডাকি। কিন্তু মাসুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে রাসেল আরও লোকজন নিয়ে আমার দিকে হামলা চালাতে আসে এবং গুলি করে। আমি অফিসের পেছন দিকে গিয়ে প্রাণে রক্ষা পাই। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বলেন, ‘আগের কী এক ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। গোলাগুলি হয়েছে কি না তা আমরা এখনো নিশ্চিত নই। তবে দুই পক্ষই থানায় এসেছিল অভিযোগ দেওয়ার জন্য। তারা অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’ এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।