কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার মুরাদনগরের ২২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার আশ্বাসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দুপুরে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনের পর বেলা একটায় মুরাদনগর উপজেলা পরিষদের সামনের সড়কে টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন দলীয় শতাধিক নেতা-কর্মী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাঙ্গরা (পূর্ব) ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম। মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসব ইউপিতে ষষ্ঠ ধাপে নির্বাচন হতে পারে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল হাকিম বলেন, ‘মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে দুই-তিনজন চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়ন দেওয়ার মিথ্যা আশ্বাসে জাহাঙ্গীর আলম পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব মনোনয়ন-বাণিজ্যের সঙ্গে তাঁর ছেলে আহসানুল আলম কিশোর জড়িত। মনোনয়নপ্রত্যাশী কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যানরা যখন ওই খবর জানতে পারেন, তখন বিষয়টি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকারকে জানানো হয়। তিনি এ ব্যাপারটি শুনে ক্ষুব্ধ হন। মনোনয়নের প্রস্তাবিত তালিকায় আমাদের নাম না থাকার খবর শুনে আমরা আমাদের পাওনা টাকা ফিরে পেতে জাহাঙ্গীর আলম সরকারের ঢাকার রমনার ব্যবসাপ্রতিষ্ঠান ও ঢাকার বাসায় হাজির হই। টাকা ফেরত চাওয়ায় উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে। জাহাঙ্গীর আলম সরকারবঙ্গবন্ধু ও দেশের আদর্শের নৌকা প্রতীক নিলামে তুলে বিক্রি করায় মুরাদনগরে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাঁর এ অপরাজনীতির কারণে মুরাদনগরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ভেঙে পড়ছে। আমাদের মনোনয়ন দেওয়ার কথা বলে জাহাঙ্গীর আলম সরকার যে টাকা হাতিয়ে নিয়েছেন তা ফেরত পেতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবীপুর পূর্ব ইউপিতে মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও টনকি ইউপির বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসাইন, পূর্বধইর (পশ্চিম) ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবীপুর পশ্চিম ইউপিতে মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেন, আন্দিকোট ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক সরকার।
সংবাদ সম্মেলনে মো. জাকির হোসাইন বলেন, ‘১৪ এপ্রিল রাত ১০টায় জাহাঙ্গীর আলম সরকারের ধানমন্ডির বাসায় তাঁর উপস্থিতিতে তাঁর ছেলে আহসানুল আলম কিশোর আমার কাছ থেকে নগদ ২০ লাখ টাকা নেন।’ মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমার কাছে ৫০ লাখ টাকা চাওয়া হয়। আমি টাকা দিইনি। আমার পরিবার ওই ইউনিয়নের নামকরা আওয়ামী লীগ পরিবার।’ সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম ১৫ লাখ টাকা, পূর্বধইর পূর্ব ইউনিয়নের বনকুমার শীল ১০ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া নবীপুর পশ্চিম ইউনিয়নের সুমন সরকারের কাছে টাকা চাওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে গতকাল বিকেলে জাহাঙ্গীর আলম সরকার মুঠোফোনে বলেন, ‘তাঁরা মনোনয়ন না পেয়ে আমার বিরুদ্ধে এ ধরনের অসত্য অভিযোগ করছেন। আমি বা আমার ছেলে কারও কাছ থেকে টাকা নিইনি। স্বচ্ছভাবে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে। পাঁচ কোটি টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। টাকা নিলে আমি সাড়ে সাত কোটি টাকা ঋণের বোঝা নিয়ে থাকতাম না।’ নাম ধরে ধরে টাকার পরিমাণ বলা হলে তিনি বলেন, ‘প্রমাণ দিক ওঁরা। তাঁদের কাছে কোনো প্রমাণ নেই।’
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল আলম কিশোরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।