আ.লীগের এক পক্ষের হামলা ও ভাঙচুর, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের এক পক্ষের বিরুদ্ধে এক কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর ও দুজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গতকাল রাত আটটার দিকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখনো মামলা হয়নি।’

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত রোববার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফজলু মিয়া ও সাবেক কাউন্সিলর আশরাফুল আলম সভাপতি পদে প্রার্থী ছিলেন। প্রত্যক্ষ ভোটে ফজলু মিয়াকে ৩ ভোটে পরাজিত করেন আশরাফ। এর আগে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ফজলুর কাছে হেরে যান আশরাফ। সেই থেকে দুজনের মধ্যে বিরোধ শুরু হয়। রোববার কমিটি ঘোষণার পর ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গৃকাল সকালে আশরাফের পক্ষ দক্ষিণপাড়ায় অবস্থিত ফজলু মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিকেলে তাঁদের হামলায় ফজলুর ভাতিজা তোফাজ্জল হোসেন ও তোফাজ্জলের স্ত্রী রিয়া আক্তার আহত হন। তাঁরা স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।

আহত রিয়া আক্তার বলেন, ‘রিকশাযোগে বাড়ি ফেরার পথে গতিরোধ করে আশরাফপক্ষের লোকজন আমাকে ও আমার স্বামীকে মারধর করে। তখন আমাদের সঙ্গে থাকা শিশুকন্যাও সামান্য আহত হয়।’

কাউন্সিলর ফজলু মিয়া বলেন, ‘পৌর কাউন্সিলর নির্বাচনে আশরাফ আমার কাছে হেরে যাওয়ার পর থেকে সহ্য করতে পারছিলেন না। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে আমার প্রার্থী হওয়াটাও মেনে নিতে পারছিলেন না। তাই তাঁর লোকজন আমার লোকজনের ওপর হামলা করে।’

অভিযোগ অস্বীকার করে আশরাফুল আলম বলেন, ‘সভাপতি পদে ভোটে আমার কাছে হেরে ফজলু এবং তাঁর লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষোভ থেকে বরং ফজলুর লোকজন আমার পক্ষের লোকজনকে আহত করে।’