নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের তিন ব্যক্তি আহত হয়েছেন। একটি ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নির্বাচনের দিন (৬ মার্চ) থেকে গত মঙ্গলবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ পারভেজ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন, সমর্থক রেজাউল ইসলাম ও শফিকুল ইসলামকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বাদী ইলিয়াছ পারভেজ ভোটের দিন সন্ধ্যা ছয়টায় উপজেলার জালসুকা বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নির্বাচনী কার্যালয়ের সামনে বসে ছিলেন। এ সময় আসামিরা তাঁকে বেদম মারধর করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হামলার শিকার ছাত্রলীগের ওই নেতা স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে উপজেলার জোনাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের অনুসারীরা মঙ্গলবার সকালে জোনাইল বাজারে তাঁর মালিকানাধীন মুন্নাফ স্টোর, বিজয় পালের মুদি দোকান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল হকের চালের দোকান ও আবদুল জলিলের দোকানে হামলা করে দোকানদারদের মারধর ও দোকান বন্ধ করতে বাধ্য করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আহত ব্যবসায়ী রফিকুল ইসলামসহ দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম গতকাল বিকেলে জানান, তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের সমর্থক ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল বুধবার বিকেলে জানান, নির্বাচনের আগে প্রার্থী মনোনয়ন নিয়ে সাংসদ আবদুল কুদ্দুস এবং সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মধ্যে মতবিরোধ হয়। ৬ মার্চ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তবে নির্বাচনে সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছে বলে তিনি মনে করেন। যদিও তাঁদের সমর্থকেরা পরস্পরকে বিশ্বাস করেন না। নির্বাচনে কাজ করা না করা নিয়ে অভিযোগ ওঠে। এর জের ধরে নির্বাচিত চেয়ারম্যানের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দলের ভেতরেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সিদ্দিকুর রহমান পাটোয়ারী তাঁর সমর্থকদের হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকৃতপক্ষে নির্বাচনে সাংসদ আবদুল কুদ্দুসের সমর্থকেরা ধানের শীষের ভোট করেছেন। এতে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা তাঁদের প্রতি ক্ষুব্ধ। তাঁরা ওই সব লোকদের শরীর থেকে মুজিব কোট খুলে নিতে চায়।’ এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল বিকেলে সাংসদ আবদুল কুদ্দুসের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।