নরসিংদীতে জেলা প্রশাসক (ডিসি) আবু হেনা মোরশেদ জামানের অপসারণ দাবিতে আওয়ামী লীগের একাংশ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।
বিক্ষোভে ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মীকে দেখা গেলেও ব্যানারে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হয়নি। ব্যানারে আগের মতোই লেখা হয় ‘সর্বস্তরের জনগণ’। বিক্ষোভকারীরা প্রথমে ডিসি কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। সেখান থেকে ডিসিকে দুর্নীতিপরায়ণ আখ্যা দিয়ে অপসারণ চেয়ে স্লোগান দেওয়া হয়। পরে তাঁরা ডিসি কার্যালয়ের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এর আগেও দুই দিন তাঁরা অনুরূপ কর্মসূচি পালন করেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মস্তফা জানান, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভের অগ্রভাবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র ইয়াসমিন সুলতানা, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক সাহা, করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারিস মিয়া, নজরপুর (ইউপি) চেয়ারম্যান বাদল সরকার, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তৌহিদা সরকার প্রমুখ।
আবু হেনা মোরশেদ জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রশাসনকে স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করতে গিয়ে কারও কারও বিরাগভাজন হয়েছেন তিনি।