আ.লীগ কর্মীদের হামলায় প্রথম আলো সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা মহিলা লীগের সম্মেলন চলাকালে সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের হামলায় প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী আহত হয়েছেন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথা ও পায়ে আঘাত পেয়েছেন।

আজ শুক্রবার দুপুরে জেলা পাবলিক হলে এ ঘটনা ঘটে। এতে ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দ পালও আহত হন। হামলায় তাঁর হাতের কয়েকটি স্থানে কেটে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মহিলা লীগের সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা লীগের সাধারণ সম্পাদক পিনু খান।
সম্মেলনের শেষ পর্যায়ে কামরুন নেছা আশরাফকে সভাপতি ও হাবিবা রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা লীগের কমিটি গঠন করা হয়। এ সময় আওয়ামী লীগের কিছু কর্মী কমিটি ‘মানি না, মানি না’ বলে স্লোগান দেন। তাঁরা সেখানে রাখা চেয়ারগুলো ভাঙচুর করতে থাকেন। এ সময় সাংবাদিকেরা ভিডিও ও ছবি তুলতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর চড়াও হন। তাঁরা চেয়ার দিয়ে সাংবাদিকদের তাড়া করেন। একপর্যায়ে প্রথম আলোর সাংবাদিক পল্লবকে মারধর করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান পল্লবকে উদ্ধার করেন। পরে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরই উপমন্ত্রী আরিফ খান আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকেও নির্দেশ দেন।
অবশ্য এ ঘটনায় কোনো মামলা হয়নি। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি।