শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় তৃণমূল পর্যায়ে কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের একটি পক্ষ দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। গত শুক্রবার রাতের এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কসহ ২০ জন আহত হয়েছেন।
হামলার ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এস এম ওয়ারেজ নাঈমের সমর্থকেরা শেরপুর-ঝিনাইগাতী সড়কের কয়ারোড মোড় এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। অবরোধকারীরা দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস ভাঙচুর করেছেন।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ওয়ারেজ নাঈম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মজিবর রহমান ও আবদুস ছালাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুনুর রশীদকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পাঁচজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। উপজেলা কমিটির আহ্বায়ক ওয়ারেজ নাঈমের বিরোধিতাকারী ২০-২৫ জন নেতা-কর্মী রামদা ও লাঠিসোঁটা নিয়ে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঝিনাইগাতী সদরে বিক্ষোভ মিছিল বের করেন।
পরে তাঁরা আমতলী বাজারের দলীয় কার্যালয়ে অবস্থানরত নেতা-কর্মীদের ওপর হামলা চালান। হামলাকারীরা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিলও ভাঙচুর করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহ্বায়কের পক্ষের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এস এম আমিরুজ্জামান অভিযোগ করেন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ২০-২৫ জন এ হামলা চালান।
হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম আজাদ। তিনি অভিযোগ করেন, আহ্বায়ক আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজের পছন্দের লোকদের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির গুরুত্বপূর্ণ পদে দিয়েছেন। তাই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে হামলা করেছেন।