আ.লীগের দুই নেতাকে মারধর, কুপিয়ে জখম
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আওয়ামী লীগের আরেক নেতা ছৈয়দুল আলম হামলার শিকার হয়েছেন। তাঁদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরুল ইসলাম সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী সদস্য। তাঁর ভাইয়ের ছেলে দিদারুল ইসলাম বলেন, গতকাল ভোরে চাচা (মনিরুল) বাসা থেকে বের হয়ে রেলস্টেশন মসজিদে যাচ্ছিলেন। মুখোশধারী কয়েক জন ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর মাথা ও ডান হাতে জখম হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে মুখোশধারী ব্যক্তিরা পালিয়ে যান। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি অভিযোগ করেন, এই উপজেলায় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের পক্ষে ও অন্যটি সাংসদ দিদারুল আলমের পক্ষে কাজ করে। মনিরুল ইসলাম চেয়ারম্যানের পক্ষে কাজ করতেন। এ জন্য প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন। এই হামলা তাঁরা চালিয়েছেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনিরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ছৈয়দুল আলম কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি শিলখালী ইউনিয়নের কাছারী মোড়া গ্রামে। সোমবার রাতে বারবাকিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সিকদারঘোনা রাস্তার মাথা এলাকায় তাঁর ওপর হামলা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছৈয়দুল আলম গতকাল বলেন, ‘বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে নজরুল ইসলাম ভুট্টোর নেতৃত্বে এক দল লোক আমার ওপর হামলা করে। হাতুড়ি ও লোহার রডের দিয়ে আঘাত করে। অচেতন অবস্থায় ধানখেতে ফেলে যায়। এলাকার লোকজন খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পূর্বশত্রুতার জেরে তাঁরা একই হামলা করেছে।’
তবে নজরুল ইসলাম দাবি করেন, তাঁর ভাইকে মারধরের ঘটনায় ওই রাতে তিনি ছৈয়দুল আলমের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কারা তাঁর ওপর হামলা করেছে, তা তিনি জানেন না।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, ‘ছৈয়দুল আলমের মাথায়, বুকে ও ঊরুতে গুরুতর জখম হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আওয়ামী লীগের আহত নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার বাসিন্দারা রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছিল। হামলাকারীদের শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।