আ.লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষ
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে গতকাল সোমবার আওয়ামী লীগের স্থানীয় দুই নেতার সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। ভোরে প্রথম দফা সংঘর্ষে পুলিশ ও নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৫টি বাড়ি ও চারটি ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আধিপত্য বিস্তার নিয়ে মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঙ্গে একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউনুস সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল ফজরের নামাজের পর তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা চলে প্রায় দুই ঘণ্টা। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে শুকুর মণ্ডল, সালাম মোল্লা, জাহাঙ্গীর শিকদার, টিপু সরদার, সামাদ মোল্লা, নবির হোসেন, আবুল হোসেন, মনিরুল সরদার, জিল্লু সরদার, পান্নু সরদার, মন্নু সরদারেরসহ অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, পৌনে আটটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।