আ.লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া
আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের গুরুদাসপুরে গতকাল রোববার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দুটি পক্ষের নেতৃত্বে রয়েছেন।
মেয়র শাহনেওয়াজ দাবি করেন, প্রতিপক্ষের গুলিতে তাঁর ছোট ভাই তারেক মোল্লা (২৬) দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেয়র আরও অভিযোগ করেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আরিফুল আধিপত্য বিস্তারের জন্য শহরে অস্ত্রের মহড়া দিচ্ছিলেন। দলের ভাবমূর্তি রক্ষার জন্য তাঁর লোকজন আরিফুলসহ তাঁর সমর্থকদের শহর ছেড়ে চলে যেতে বলে। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে আরিফুলের ছোট ভাই সুজন পিস্তল দিয়ে গুলি ছুড়লে তারেক আহত হন।
আরিফুল ইসলাম অভিযোগ করেন, গতকাল বিকেলে তিনি কয়েকজন সমর্থক নিয়ে শহরের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান। এ সময় মেয়র শাহনেওয়াজ ও সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা করেন।