আ.লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা, একজন গুলিবিদ্ধ
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন গত রোববার রাতে প্রতিপক্ষের হামলার সময় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার জের ধরে তাঁর (আলতাফ) সমর্থকেরা প্রতিপক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান।
স্থানীয়রা জানায়, উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লার সঙ্গে আলতাফ হোসেন সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রোববার রাত ১০টার দিকে উলানিয়া বাজারের একটি ডেকোরেটরের দোকানে বসে ছিলেন আলতাফ। এ সময় তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা প্রথমে ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে কয়েকটি গুলি ছোড়ে। গুলিতে আহত হন আলতাফ। রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা জামাল মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আলতাফ হোসেনের ওপর কে বা কারা হামলা করেছে জানি না। তবে হামলার পর তাঁর (আলতাফ) অনুসারীরা আমার ব্যবসাপ্রতিষ্ঠান ও ইউপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এখন অহেতুক আমাকে এতে জড়ানো হচ্ছে। আমি এর সঙ্গে জড়িত নই।’
পুলিশ জানায়, রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গুলি করা হয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়লে আলতাফ হোসেন ও জামাল মোল্লার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আলতাফের সমর্থকেরা জামাল মোল্লার সিনেমা হলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে বলেন, দুই আওয়ামী লীগ নেতার মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল। রোববার রাতে আলতাফ হোসেনের ওপর হামলা চালানো হয়। তাঁর ডান ঊরুতে গুলি লাগে। এ ঘটনার জের ধরে তাঁর অনুসারী কর্মী-সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তাঁরা কিছু প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।