আ.লীগের দুই পক্ষে বিরোধ কার্যালয়ে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে নিজ দলীয় কাউন্সিলর প্রার্থীকে ভোট না দেওয়ায় গত বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, মারামারি ও একটি ব্যবসায়িক কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
পৌর কৃষক লীগের সভাপতি ফকরুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান ডিলুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
থানা-পুলিশ সূত্র জানায়, ফকরুল ইসলাম এবার ঈশ্বরদী পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। এই নির্বাচনে বিএনপি-সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর কাছে হেরে যাওয়ায় তাঁর সঙ্গে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান ডিলুর বিরোধ শুরু হয় নির্বাচনের দিন থেকেই। ফকরুলের ধারণা, নির্বাচনে রোকনুজ্জামান ডিলু তাঁর ভোটের জন্য কাজ করেননি।
রোকনুজ্জামান ডিলুর অভিযোগ, ঈশ্বরদী উপজেলা পরিষদের সামনে তাঁর ব্যবসায়িক কার্যালয়। এখানে তিনি সহযোগীদের দলিল লেখালেখির কাজ করতেন। গত বৃহস্পতিবার দুপুরে পাঁচ-ছয়টি মোটরসাইকেলযোগে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তাঁর কার্যালয়ে লোহার রড, লাঠি ও রামদা দিয়ে হামলা চালায়। হামলায় কার্যালয়ের ১০ থেকে ১২টি চেয়ার, দুটি ফ্যান, কম্পিউটার যন্ত্রপাতি, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে গেছে। হামলা চালানোর সময় হামলাকারীরা তাঁকে খোঁজ করছিল। না পেয়ে তারা সাঁড়াগোপালপুর যুবলীগের নেতা রবিউল ইসলাম রবির বাসার সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে।
ফকরুল ইসলাম অভিযোগ করেন, ‘নির্বাচনে জেতানোর জন্য রোকনুজ্জামান তাঁর কাছে চার লাখ টাকা “ঘুষ” চেয়েছিলেন। “ঘুষ” না দেওয়ায় নির্বাচনের দিন বাইরে থেকে লোক এনে রোকনুজ্জামান ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে বিএনপির প্রার্থীকে বিজয়ী করান। তাই “বেইমানি” করার কারণে দলের ক্ষুব্ধ কিছু নেতা-কর্মী তাঁর কার্যালয়ে এসে ঢিল নিক্ষেপ করেছিলেন। কিন্তু তাঁরা নিজেরাই ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।